কক্সবাজারের চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া না গেলে পরে পরিচয় পাওয়া যায়।
নিহতরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রামের চান্দিশকরা এলাকার মুবিনুল হকের বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫ তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক, শালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার, স্ত্রী, বৃদ্ধা মা ও শ্বাশুড়ি। এসময় মারাত্মকভাবে আহত হন মুবিনুল হক, তাঁর শিশু কন্যা ও শ্যালক।
স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রীস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও মাইক্রোবাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।
এর আগে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হয়েছিলেন।