কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২১ ডিসেম্বর (রোববার) দুপুর ১২টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার রিংভং ছগিরশাহ্ কাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শফিউল আলম আয়াজ (২৮)। তিনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়ার বাসিন্দা ও মো. সেলিম উদ্দিনের বড় ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছিলেন। তিনি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০১১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে আয়াজ মোটরসাইকেল চালিয়ে ফাঁসিয়াখালী ঢালা এলাকা অতিক্রম করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ‘হানিফ এন্টারপ্রাইজ’-এর বাস তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আয়াজ দুবাই প্রবাসী ছিলেন। মাত্র কয়েক মাস আগে তিনি ছুটি নিয়ে দেশে ফেরেন এবং মাস দুয়েক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।