চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার, ৯ মার্চ বিকেল ৩টায় চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভিরচর এলাকার মাতামুহুরি পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি (১১)। তারা দুজন মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে মৌলভীরচর এলাকায় ৪-৫ জন বান্ধবী মিলে একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মাইমুনা আক্তার ও ইশপা মুনি পানিতে ডুবে যায়। এসময় বান্ধবীরা তাদের উদ্ধার করতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে দ্রুত উদ্ধার করেন।
মুমুর্ষ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এসময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়দের দাবি, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন তারা।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মো.ফরিদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’