পেকুয়ায় মধ্যযুগীয় কায়দায় আবু সুফিয়ান (১১) নামের এক হাফেজ খানার ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে জখম করা হয়েছে। সে মগনামা বাজারপাড়া সংলগ্ন দারুল ইসলাম মজিদিয়া মডেল হিফজ মাদ্রাসার ছাত্র ও স্থানীয় আবদু শুক্কুরের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল ৩ টার দিকে ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত আবু সুফিয়ানের মা লাকী আক্তার জানান, ওই সময়ে আমার ছেলের সাথে হাফেজ খানার অন্য একজন ছাত্রের সাথে কথাকাটাকাটি হয়। এর সুত্র ধরে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল হামিদ বেত নিয়ে নির্মমভাবে পিটিয়ে ওই ছাত্রকে আহত করে। ওই ছাত্র সন্ধ্যার দিকে বাড়িতে মায়ের কাছে ঘটনাটি বললে মা ছেলের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখে হতভম্ব হয়ে যান। তিনি আরো জানান, সে ২ মাস আগেও আমার ছেলে পিটিয়ে এ ভাবে আঘাত করেছিল। এর প্রতিবাদ করলে স্থানীয় মৃত বজল আহমদের ছেলে কামাল হোছন, তার ছেলে নুরুল আলম গং আমাকে মারতে আসে। এ বিষয়ে তিনি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী বরাবর আবেদন করবেন বলে জানান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।