কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা-ইয়াংছা লামা সড়কের সুরাজপুর এলাকায় ডাম্পার ও সিএনজি গাড়ি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং ২জন গুরুতর আহত হয়েছেন।
১৬ মে (শুক্রবার) রাত প্রায় ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘনায় নিহতরা হলেন- লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, জিদ্দাবাজারের বাসিন্দা মৃত আফজল আহমদের ছেলে অর্থাৎ খোরশেদ মেম্বারের ছোট ভাই শহিদুল ইসলাম(৩০), অপরজন হলেন পূর্ব বড় ভেওলা ৪নং ওয়ার্ড, ফজুমিয়াজির চর’র স্থায়ী বাসিন্দা মৃত কফিলউদ্দিনের ছেলে মোহাম্মদ কাইসার।
চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লামা উপজেলা পরিষদ থেকে যাত্রী নিয়ে চকরিয়া ফিরছিলেন সিএনজি গাড়িটি। রাত প্রায় ১২ টার কাছাকাছি সময়ে সিএনজি গাড়িটি উপজেলার সুরাজপুর ব্রীজের পূর্বপাশ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি গাড়িতে থাকা দুই যাত্রী নিহত ও চালকসহ অপরাপর যাত্রীরা কমবেশি আহত হয়েছেন। সিএনজি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।